গৃহবধূকে নির্যাতন, তদন্তে মানবাধিকার কমিশন
যশোরের মনিরামপুর উপজেলার গ্রামে এক গৃহবধূর স্পর্শকাতর স্থানে ছুরি মেরে জখম করা হয়েছে। ১৬ দিন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত মঙ্গলবার তিনি বাড়ি ফিরেছেন।
ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক এম রবিউল ইসলাম যশোরে এসেছেন। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গতকাল বুধবার দুপুরে জাতীয় মানবাধিকার কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়, যশোর জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারের কাছে ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে গৃহবধূর বাবা ৯ আগস্ট মনিরামপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার মামলা নিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট রাতে তিনি তাঁর স্ত্রী, মেয়ে ও জামাতা ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে অজ্ঞাত এক ব্যক্তি তাঁর মেয়ের স্পর্শকাতর স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাঁকে প্রথমে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা কৌশিক শিকদার বলেন, তাৎক্ষণিক অস্ত্রোপচার না করা হলে ওই গৃহবধূকে বাঁচানো যেত না। তিন মাস পরে আরেকটি অস্ত্রোপচার করতে হবে।