গৃহবধূকে নির্যাতন, মাথা ন্যাড়া করে দিলেন মাতবরেরা
বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ দক্ষিণ পাড়ায় গ্রাম্য মাতবরের নির্দেশে এক গৃহবধূকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। এ সময় তাঁর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়।
ওই নির্যাতনের হাত থেকে রেহাই পাননি তাঁর বাকপ্রতিবন্ধী স্বামী আবদুল করিম (৫৫), ছেলে মো. তারেক (১০) ও মাছ বিক্রেতা সুশীল চন্দ্র (৪৫)। গত মঙ্গলবার রাত ও বুধবার ভোরে গ্রাম্য মাতবর মোকাদ্দেস আলীর (৭০) নির্দেশে ওই নির্যাতনের ঘটনা ঘটে।
তারা ভানু ও আবদুল করিম পেশায় দিনমজুর। এ ঘটনায় বুধবার রাতে শেরপুর থানায় মোকাদ্দেসসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সেরাজুল ইসলাম বলেন, তারা ভানুর ওপর নির্যাতনের ঘটনায় পুলিশ তদন্ত করছে। পরিবারের উদ্যোগে তাঁর চিকিৎসা চলছে। গতকাল সরেজমিনে দেখা যায়, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁকে সেবা দিচ্ছেন। কয়েকজন এই ঘটনার বিচার দাবি করেন।
তারা ভানু বলেন, তাঁর স্বামী একজন বাকপ্রতিবন্ধী। তাঁর স্বামী কয়েক দিন আগে ধনকুন্ডি গ্রামের মাছ বিক্রেতা সুশীলের কাছ থেকে মাছ কেনেন। গত মঙ্গলবার রাতে সুশীল মাছের টাকা নিতে আসেন। কিন্তু গ্রামের মাতবর মোকাদ্দেস ও তাঁর লোকজন সুশীলের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে মিথ্যা অপবাদ দিয়ে বাড়িতে চড়াও হন। পরে তাঁকে ও সুশীলকে হাত বেঁধে মারধর করা হয়। এ সময় স্বামী ও ছেলে বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয়। পরে ভোরে ফজরের আজানের পর মাতবরের হুকুমে আবারও গ্রামের ২০-২৫ জন তাঁর বাড়িতে চড়াও হন। এ সময় হাফিজুর, বাহার উদ্দিনসহ কয়েকজন তাঁকে আবারও মারধর করে মাথার চুল কেটে ন্যাড়া করে দেন।
গ্রামের তছলিমা খাতুন বলেন, মিথ্যা অপবাদ দিয়ে গৃহবধূকে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও উপযুক্ত বিচার দাবি করেন তিনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় মোকাদ্দেস আলীর ছেলে আবু বকর (৩২) ও মো. শাহ আলমকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।