গৃহবধূকে নির্যাতন স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূ তানিয়া আক্তারকে (২৪) নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ওই গৃহবধূর স্বামী আসাদুজামানকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।
নির্যাতিত গৃহবধূ ও তারাগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার শেরমস্ত ভবানীগঞ্জ গ্রামের বেলাল উদ্দিনের মেয়ে তানিয়ার সঙ্গে আলমপুর চাকলা গ্রামের আসাদুজামানের ছয় বছর আগে বিয়ে হয়। তখন বরকে যৌতুক হিসেবে ১ লাখ ৮০ হাজার টাকা এবং দেড় লাখ টাকার আসবাব দেয়। আসাদুজামান গত জুলাই মাসে ব্যবসার জন্য আবারও আড়াই লাখ টাকা দাবি করেন। ১৩ আগস্ট দুপুরে দাবি করা টাকার জন্য মারধরের একপর্যায়ে তানিয়া সংজ্ঞা হারিয়ে ফেলেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তানিয়ার ভাই ও চাচা গিয়ে গৃহবধূকে উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তানিয়া এ ঘটনায় আসাদুজামানসহ তিনজনের বিরুদ্ধে গত মঙ্গলবার বিকেলে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাহান বলেন, ‘ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন আছে। তিনি গত ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি হন।’ গতকাল বুধবার ওই গৃহবধূকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।
এদিকে আসাদুজামান দাবি করেন, ‘যৌতুক নয়। ভাত দিতে দেরি করায় বৌওক (স্ত্রী) মারছুন।’
তারাগঞ্জ থানার ওসি তাপস সরকার বলেন, ওই গৃহবধূর স্বামীকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।