গৃহবধূকে নির্যাতনের অভিযোগে শ্বশুর শাশুড়ি গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘিতে যৌতুক দাবি করে গৃহবধূকে নির্যাতনের মামলায় পুলিশ গত রোববার শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন বলেন, এ মামলার আসামি শ্বশুর আবু তালেব ও শাশুড়ি লতিফা আক্তারকে ওই দিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের ফেরদৌস রহমানের মেয়ে ফারজানা আক্তারের (২৩) সঙ্গে সাড়ে চার বছর আগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেবী সাওইল পশ্চিম পাড়ার আবু তালেবের ছেলে রুহুল আমিনের (৩০) বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর-শাশুড়ি আরও যৌতুক দাবি করে প্রায়ই ফারজানাকে নির্যাতন করতেন। এ ঘটনায় ফারজানার বাবা ফেরদৌস রহমান জামাতা রুহুল আমিন, তাঁর বাবা আবু তালেব ও মা লতিফাকে আসামি করে শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে থানায় মামলা করেন।