গৃহবধূকে নির্যাতনের ঘটনায় মামলা, স্বামী গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে সাকিয়া আক্তার (৩২) নামের গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে গৃহবধূর বাবা ফয়েজ উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। পুলিশ গতকাল রাতেই একমাত্র আসামি সাকিয়ার স্বামী জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন আহম্মেদ বলেন, জিয়াউরকে মোহনগঞ্জ উপজেলার বড়তলী গ্রামের বাড়ি থেকে গতকাল রাত সাড় ১২টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, যৌতুকের দাবিতে গত মঙ্গলবার গভীর রাতে সাকিয়াকে হাত-পা বেঁধে নির্যাতন করেন স্বামী জিয়াউর।
এ নিয়ে গতকাল প্রথম আলো অনলাইনে ‘এ কেমন বর্বরতা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
এদিকে নির্যাতনের শিকার ওই গৃহবধূ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আজ বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘সাকিয়া বর্তমানে শঙ্কামুক্ত। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁর স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে।’