গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
পাবনার সুজানগর উপজেলার চরদুলাই ক্লাবপাড়া গ্রামে গত বৃহস্পতিবার সকালে সুলতানা রাজিয়া (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর চাচাতো ভাই বাবুল সরদার বাদী হয়ে গতকাল সকালে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সুলতানার স্বামী নজরুল ইসলামসহ চারজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, জেলার সাঁথিয়া উপজেলা সদরের বাসিন্দা সুলতানার তিন বছর আগে সুজানগর উপজেলার নজরুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় সুলতানার পরিবার নজরুলকে তিন লাখ টাকা যৌতুক দেয়। পরে তিনি আরও দেড় লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। সুলতানার পরিবার তা দিতে অপারগতা প্রকাশ করে।