গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর সাহানাপাড়া গ্রামে সুমি আকতার (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে। সুমি একই গ্রামের সান্টু সাহানার স্ত্রী।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসউদ চৌধুরী জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে সুমির লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল বৃহস্পতিবার সকালে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর দেহে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় সুমির বাবা আহাদ আলী বাদী হয়ে সুমির স্বামী সান্টু সাহানা (৩২), শ্বশুর খোকা সাহানা (৫৫), শাশুড়ি জাহানারা বেগম (৪৫) এবং প্রতিবেশী আবদুল গালিবের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে বাড়ির সবাই পলাতক।
আহাদ আলী জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সান্টু প্রায়ই সুমিকে চাপ দিয়ে আসছিলেন। এরই জের ধরে বুধবার সকালে তাঁরা পিটিয়ে ও শ্বাসরোধ করে সুমিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।