গৃহবধূকে পিটিয়ে তাড়ানোর পর আবার এসিড হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে এক গৃহবধূকে এসিড মেরে পালানোর সময় তাঁর দেবর গণপিটুনির শিকার হয়েছেন। এসিডদগ্ধ বিউটি বেগমকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে কামরাঙ্গীরচরের কুরারঘাটের কাছে বালুরঘাটে দেবর লাবু ও তাঁর চার সহযোগী বিউটি বেগমের পথ আটকান। একপর্যায়ে তাঁরা বিউটির গায়ে এসিড ছুড়ে মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসিডে বিউটির বুক, পিঠ ও ডান হাত ঝলসে যায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে লাবুকে ধরে গণপিটুনি দেয়। টহল পুলিশ এসে জনরোষ থেকে লাবুকে উদ্ধার করে থানায় নেয়। বিউটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে চিকিৎসাধীন বিউটি প্রথম আলোকে জানান, তিনি কামরাঙ্গীরচরের বড়গ্রামে দর্জির কাজ করেন। যৌতুকের জন্য স্বামী পিটিয়ে বাসা থেকে বের করে দিলে তিনি বাবার বাড়িতে ওঠেন। বুধবার রাতে হেঁটে লালবাগের শহীদনগরের ওই বাসায় ফেরার পথে দেবর লাবুর নেতৃত্বে চার-পাঁচজন বখাটে তাঁর পথ আটকে দাঁড়ান। বিউটি অভিযোগ করেন, লাবু ও তাঁর সঙ্গীরা তাঁর কাছ থেকে জোর করে তালাকনামায় সই নেওয়ার চেষ্টা করেন। তিনি রাজি না হলে তাঁরা এসিড মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে এলাকার লোকজন লাবুকে ধরে ফেলে গণপিটুনি দেয়। বিউটি জানান, শহীদনগরের বাসিন্দা সুজন মিয়ার সঙ্গে ৫০ হাজার টাকা যৌতুকের সমঝোতায় আট বছর আগে তাঁর বিয়ে হয়। কয়েক মাস ধরে এক লাখ টাকা যৌতুকের জন্য স্বামী, দেবর লাবু ও শাশুড়ি মিনারা বেগম তাঁকে নির্যাতন শুরু করেন। বিউটি অভিযোগ করেন, টাকা না পেয়ে তাঁকে লাথি মারতে মারতে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এতে তাঁর গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। বিউটি জানান, এ ব্যাপারে তিনি স্বামী সুজন মিয়ার বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সুজন কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন। বিউটির অভিযোগ, স্বামীর পরামর্শেই দেবর লাবু তাঁকে এসিড মারেন। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, এসিডদগ্ধ বিউটি বাদী হয়ে এসিড নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন। আটক লাবু মিয়াকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে লাবুর আরেক সন্দেহভাজন সহযোগী নাসিরকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে সুজন মিয়া পলাতক।