গৃহবধূকে পিটিয়ে হত্যা, আত্মহত্যা বলে চালানোর চেষ্টা!
জয়পুরহাটের আক্কেলপুরে গত বৃহস্পতিবার এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে তিনি আত্মহত্যা করেছেন বলে চালানোর চেষ্টা হয়েছে। ওই গৃহবধূর স্বামীসহ কয়েকজন এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই গৃহবধূর নাম তানজিলা খাতুন (২৮)। তিনি উপজেলার খোলাসাপাড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী। ঘটনার পর থেকে খোরশেদ আলম ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। পুলিশ গত শুক্রবার বিকেলে তানজিলার লাশ তাঁর বাড়ির আঙিনা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় শুক্রবার নিহত তানজিলার বোন কল্পনা আখতার বাদী হয়ে খোরশেদ আলমসহ ছয়জনকে আসামি করে আক্কেলপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন খোরশেদের বোন জুলেখা (৫০) এবং তাঁর ভাই কালাম (৪৫), রোকন (৩৮), জোসেদ (৩৫) ও আমিনুল (২৫)। পুলিশ শুক্রবার রাতেই এ মামলার আসামি কালামকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।তানজিলার বোনের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পারিবারিক কলহের জের ধরে তানজিলাকে তাঁর স্বামী খোরশেদ ও অন্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বৃহস্পতিবার রাতে পিটিয়ে হত্যা করেছেন।খোলাসাপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় রায়কালী ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস আলী বলেন, ‘দুই টাকা কম দরে কলা বেচা নিয়ে বৃহস্পতিবার বিকেলে খোরশেদ ও তাঁর স্ত্রী তানজিলার মধ্যে ঝগড়া হয়েছিল। খোরশেদ এ ঘটনা নিয়ে রাতে তাঁর স্ত্রীকে মারপিট করেছেন বলে প্রতিবেশীরা আমাকে জানিয়েছেন। গত শুক্রবার সকালে তানজিলার লাশ দেখতে তাঁদের বাড়িতে গেলে স্বামী ও পরিবারের লোকজনকে পাওয়া যায়নি।’ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা অভিযোগ করেন, তানজিলাকে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গত শুক্রবার রাতে নিহতের ছোট বোন কল্পনা আখতার বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ওই রাতেই একজনকে গ্রেপ্তার করেছে।