গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামীর বিরুদ্ধে মামলা
বগুড়ার ধুনটে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্বামীর মারধরে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর চাচা আবদুল আজিজ বাদী হয়ে স্বামী বাবু মিয়াকে আসামি করে গত রোববার রাতে ধুনট থানায় হত্যা মামলা করেছেন।পুলিশ ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে গোপালনগর ইউনিয়নের শেহুলিয়াবাড়ী গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আঞ্জুয়ারা খাতুনের (৩০) সঙ্গে মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামের বাদশা মিয়ার ছেলে বাবু মিয়ার বিয়ে হয়। আঞ্জুয়ারার অসম্মতি সত্ত্ব্বেও বছর তিনেক আগে বাবু আরেকটি বিয়ে করেন। এর পর থেকে তাঁকে তাঁর স্বামী প্রায়ই মারধর করতেন। গত শনিবার রাতেও তাঁকে বাবু বেদম মারধর করেন। অবস্থার অবনতি হলে রোববার বেলা আড়াইটার দিকে শ্বশুরবাড়ির লোকজন আঞ্জুয়ারাকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ২০ মিনিট পর তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়।ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান পাশা জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।