গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামীসহ তিনজন আটক
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গতকাল বুধবার ভোরে ইসমত আরা নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের লম্বাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই গৃহবধূর স্বামী আনোয়ার হোসেনসহ তিনজনকে আটক করেছে। গ্রামবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, আনোয়ার হোসেন বিয়ের পর থেকেই স্ত্রী ইসমত আরাকে নির্যাতন করতেন। গত মঙ্গলবার দিবাগত রাতেও ইসমতকে মারধর করা হয়। আনোয়ার হোসেন ও তাঁর পরিবারের লোকজন গতকাল ভোর সাড়ে চারটার দিকে ইসমত আরাকে হত্যা করে এক প্রতিবেশীর বাড়ির উঠানে লাশ ফেলে পালানোর চেষ্টা চালান। এ সময় প্রতিবেশীরা আনোয়ারকে আটক করতে সক্ষম হন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। দুপুরে দেওয়ানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তাঁরা হলেন আনোয়ারের বোনের স্বামী আবুল হাশেম ও আবুল হাশেমের স্ত্রী। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, ইসমত আরার লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।