গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার জয়পুর গ্রামে রুমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর সতিন রাশিদা বেগমকে গ্রেপ্তার করেছে৷
নিহত রুমার মা বিছুরন বেগম জানান, তাঁর জামাতা আবু বক্কর (৫০) সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন৷ এ নিয়ে তাঁর মেয়ে রুমা বেগমের সঙ্গে আবু বক্করের পারিবারিক কলহ শুরু হয়।
এর জের ধরে আবু বক্কর, দ্বিতীয় স্ত্রী রাশিদা এবং আরও কয়েকজন মিলে গত সোমবার রুমাকে বেধড়ক পেটান। এরপর তাঁরা তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাঁকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। ওই হাসপাতালে ময়নাতদন্ত েশষে রুমার লাশ তাঁর বাবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়৷
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, এ ঘটনায় বিছুরন বেগম বৃহস্পতিবার রাতে আবু বক্কর, রাশিদা বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা
মামলা করেছেন৷ রাশিদাকে কুন্দশী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷
এ বিষয়ে আবু বক্করের সঙ্গে কথা বলার জন্য তাঁর বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি৷ স্থানীয় লোকজন জানান, রুমা মারা যাওয়ার পর থেকেই আবু বক্কর পলাতক রয়েছেন৷