গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘি উপজেলায় জেসমিন বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন৷ অভিযোগ উঠেছে, যৌতুকের দাবিতে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে৷ গত বৃহস্পতিবার রাতে উপজেলার বশিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে৷
এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে জেসমিন বেগমের বাবা জসিম উদ্দীন বাদী হয়ে আদমদীঘি থানায় স্বামী, শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ইতিমধ্যে নিহত গৃহবধূর স্বামী জাহাঙ্গীর আলম ও তাঁর দাদা জসিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
তবে জাহাঙ্গীর আলম দাবি করেন, রাতে খাবার খাওয়ার সময় জেসমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান৷
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নওগাঁর রানীনগর উপজেলার জসিম উদ্দীনের মেয়ে জেসমিন বেগমের সঙ্গে নয় বছর আগে আদমদীঘির বশিকোড়া গ্রামের ফুলবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের সময় জাহাঙ্গীরকে ৭০ হাজার টাকা যৌতুক দেন জেসমিনের বাবা। তাঁদের চার বছর বয়সের একটি মেয়ে আছে। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে জাহাঙ্গীর তাঁর শ্বশুরের কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে না পারলে তিনি জেসমিনকে নানাভাবে নির্যাতন করতেন। সর্বশেষ কিছু দিন আগে জাহাঙ্গীর তাঁর শ্বশুরের কাছে এক লাখ টাকা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর ও তাঁর পরিবারের সদস্যরা জেসমিন বেগমকে শারীরিক নির্যাতন করলে তিনি চেতনা হারিয়ে ফেলেন। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।