গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামে গত শুক্রবার রাতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম লাইলী বেগম (২৪)। তিনি একই গ্রামের কাশেম আলী খানের ছেলে নির্মাণশ্রমিক জাহিদুল ইসলামের (২৭) স্ত্রী।থানার পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জলিল মুন্সিপাড়ার কেসমত আলীর মেয়ে লাইলীর সঙ্গে জাহিদুলের বিয়ে হয়। বিয়ের সময় ৩০ হাজার টাকা যৌতুক দেওয়ার পরও টাকা-পয়সার জন্য জাহিদুল মাঝেমধ্যে স্ত্রীকে মারধর করতেন। বছর খানেক আগে মারধরের পর লাইলীর মাথায় আটটি সেলাই দেওয়া হয়। শুক্রবার বিকেলেও জাহিদুল লাইলীকে মারধর করেন। রাত ১০টার দিকে বাড়ির পাশে ফটিক মোল্লার আমগাছ থেকে লাইলীর লাশ উদ্ধার করা হয়।রাজবাড়ী সদর থানার এসআই এনছের আলী জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।