গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়ার কাফুরদী গ্রামে গত মঙ্গলবার রাতে যৌতুকের দাবিতে বিউটি আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার বিউটির বাবা মনির হোসেন বাদী হয়ে মেয়েজামাই আহাদকে (৩৮) আসামি করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন।পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে বন্দর উপজেলার দুপখোলা গ্রামের বিউটি আক্তারের সঙ্গে কাফুরদী গ্রামের আহাদের বিয়ে হয়। বিয়ের পর আহাদ বিভিন্ন সময় যৌতুক দাবি করেন। বিউটির পরিবার যৌতুক হিসেবে আহাদকে এক লাখ টাকা দেয়। কয়েক দিন ধরে আহাদ তাঁর শ্বশুরের কাছে নতুন করে যৌতুক দাবি করেন। টাকা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে আহাদ মঙ্গলবার রাতে বিউটিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। তাঁদের দুটি সন্তান আছে। সোনারগাঁ থানার ওসি ইউনুস আলী জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে একটি মামলা নেওয়া হয়েছে।