গাজীপুরের কাপাসিয়া উপজেলার মধ্যপাড়া গ্রামে গত বুধবার রাতে যৌতুকের দাবিতে হাসিনা (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী তৌহিদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া লরিচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যপাড়া গ্রামে তৌহিদের সঙ্গে আট-নয় বছর আগে একই উপজেলার ভুলেশ্বর গ্রামের হাসিনার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকে যৌতুকের দাবিতে হাসিনাকে তাঁর স্বামী প্রায়ই মারধর করতেন। বুধবার রাতে তাঁর স্বামী লাঠি দিয়ে বেদম প্রহার করলে একপর্যায়ে হাসিনার মৃত্যু হয়। পরে ওই রাতেই রিকশাভ্যানে করে হাসিনার লাশ তাঁর বাবার বাড়িতে নিয়ে গেলে পরিবারের লোকজন ও এলাকাবাসী তৌহিদকে আটকের পর পুলিশে সোপর্দ করে। এদিকে, একই উপজেলার বর্জাপুর গ্রামের চৌরাস্তা বাজারের পাশে হাসেম (২৬) নামের এক পথচারীকে মাটিভর্তি একটি লরি চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হাসেমের বাড়ি ধাওরা গ্রামে।অপরদিকে, গতকাল বিকেলে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত ফকির মজনু শাহ সেতুর নিচ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কাপাসিয়া থানার এসআই আবদুর রব গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, পৃথক তিনটি মামলা হয়েছে।