গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলার চান্দেরআড়া গ্রামে সুচরিতা (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, সুচরিতার স্বামী হানিফ আলী তাঁকে পিটিয়ে হত্যা করেছেন।পুলিশ ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চান্দেরআড়া গ্রামের হানিফ আলীর সঙ্গে কয়েক বছর আগে একই উপজেলার সূর্যপাড়া গ্রামের সুচরিতার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য সুচরিতাকে শ্বশুরবাড়ির পরিবারের লোকজন চাপ দিয়ে আসছিল। সুচরিতার বাবা সাইদুর রহমান জানান, তাঁর মেয়ে ঈদের পর গত সোমবার স্বামীর বাড়িতে ফিরলে আবার যৌতুকের জন্য চাপ দেয়। সুচরিতা তা দিতে অপারগতা জানালে মঙ্গলবার রাতে হানিফ আলী ও তাঁর পরিবারের লোকজন লাঠি দিয়ে তাঁকে বেদম পেটায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে গতকাল বুধবার সকালে তাঁদের বাড়িতে সুচরিতার মৃত্যুর খবর দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই খায়রুল বাশার জানান, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।