গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নাটোরের গুরুদাসপুর উপজেলার তুলাধুনা গ্রামে স্বামী ও শাশুড়ি মিলে পিটিয়ে এক গৃহবধূকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূর বাবার পরিবারের সদস্যরা। গত সোমবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, গৃহবধূ আত্মহত্যা করেছেন।নিহত গৃহবধূর নাম নাজমা (২৪)। তিনি সিংড়া উপজেলার গুটিমহিষমারী গ্রামের ওমর আলীর মেয়ে। বছর পাঁচেক আগে তাঁর বিয়ে হয়।নিহতের ঘটনায় নাজমার বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে নাজমার স্বামী আবদুল্লাহ, শাশুড়ি জীবনতারাসহ ছয়জনকে আসামি করা হয়েছে।নাজমার ভাই মজিদ জানান, তাঁদের পারিবারিক অবস্থা ভালো নয়। তার পরও বোনের সুখের কথা ভেবে সাধ্যমতো সহায়তা করেছেন। তিনি অভিযোগ করেন, বিয়ের সময় ২০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছিল। সর্বশেষ আবারও ৩০ হাজার টাকা যৌতুক দাবি করে নাজমার ওপর নির্যাতন চালান তাঁর স্বামী ও শাশুড়ি। একপর্যায়ে সোমবার রাতে তাঁরা নাজমাকে পিটিয়ে হত্যা করেন। মারা যাওয়ার পর তাঁদের ফোন করে জানানো হয়, নাজমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাতেই তাঁরা ছুটে আসেন।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হত্যা মামলা হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিরা এলাকাছাড়া। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।