গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী পলাতক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় লাভলী আক্তার (২০) নামে এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার শ্বশুরবাড়ি থেকে পুলিশ লাভলীর লাশ উদ্ধার করেছে। ঘটনার পর লাভলীর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে লাভলীর সঙ্গে দুই বছর আগে একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাজার চরচারতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কামরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর কামরুল মধ্যপ্রচ্যে চলে যান। সাড়ে তিন মাস আগে তিনি দেশে ফেরেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী অভিযোগ করেন, গত শনিবার বিকেল থেকে লাভলীকে কামরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা আটকে রাখে। রাতে তাঁকে বেধড়ক পেটানো হয়। রাতেই তাঁর মৃত্যু হলে কামরুল ও তাঁর পরিবারের সদস্যরা লাশ ফেলে পালিয়ে যায়।