গৃহবধূকে পিটিয়ে হত্যার চেষ্টা!
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গৃহবধূর নাম পারভীন আক্তার। তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী গ্রামের আবদুল কুদ্দুসের স্ত্রী ও একই উপজেলার জামালদী গ্রামের শহীদুল্লাহর মেয়ে।
সোনারগাঁ থানায় দায়ের করা লিখিত অভিযোগে পারভীন উল্লেখ করেন, কাফুরদী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আবদুল কুদ্দুসের সঙ্গে তাঁর ১২ বছর আগে বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই কুদ্দুস যৌতুকের দাবিতে তাঁকে নানাভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছেন। গতকাল সকালে আবারও বাবার বাড়ি থেকে টাকা আনতে তাঁকে চাপ দেন। এতে অস্বীকৃতি জানানোয় শুরু হয় মারধর। একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তাঁকে রক্তাক্ত জখম করেন কুদ্দুস। তাঁর আর্তচিৎকারে লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, গৃহবধূ পারভীন আক্তার স্বামী আবদুল কুদ্দুসের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন। পুলিশ লিখিত অভিযোগটি গ্রহণ করেছে।