গৃহবধূকে পিটিয়েছেন ইউপি চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান এক গৃহবধূকে বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গৃহবধূর স্বামী মামলা করেছেন।এদিকে চেয়ারম্যানের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে তাঁকে মারপিটের অভিযোগে পাল্টা মামলা করেছেন। মামলায় ওই গৃহবধু আরজিনা বেগম তাঁর স্বামী আশরাফ আলীসহ পাঁচজনকে আসামী করা হয়েছে। নির্যাতিত গৃহবধুর স্বামীর করা মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাধানগর ইউনিয়নের পলিপাড়া গ্রামের দরিদ্র আশরাফ আলীর বাড়ির সীমানার ওপর দিয়ে মাটি খুঁড়ে নালা তৈরি করেন ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদের ভাই আবদুল জব্বার। নালা দিয়ে পানির যাওয়ার সময় আশপাশে ভাঙনের আশঙ্কায় আশরাফ ও তাঁর স্ত্রী আরজিনা চেয়ারম্যানের ভাইকে পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের অনুরোধ করেন। এ নিয়ে রোববার দুপুরে দুই পক্ষের বাগিবতণ্ডা হয়। এর জেরে চেয়ারম্যান আবদুল ওয়াহেদ ও তাঁর ছেলে নুর ইসলাম গৃহবধূ আরজিনাকে গাছের ডাল দিয়ে বেধড়ক পেটান। পরে ওই দিনই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুফিয়া আকতার প্রথম আলোকে বলেন, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলছে।ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ মুঠোফোনে বলেন, ‘মহিলাটি কাউকে তোয়াক্কা করে না। সব সময় ঘুরে বেড়ায়। সে আমার স্ত্রীকে মারপিট করেছে। আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না। তাকে মারপিটও করিনি।’