গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা, শ্বশুর-শাশুড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শুক্রবার দুপুরে ফারজানা আক্তার (২২) নামের এক গৃহবধূকে শাশুড়ি ও দেবর ঘরের ভেতরে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর শ্বশুর কবির আহম্মদ (৬০) ও শাশুড়ি হারিছা বেগমকে (৫০) আটক করেছে। দেবর একরামুল হক (২২) পলাতক রয়েছেন।

গৃহবধূ ফারজানা আক্তারের মা নাসিমা আক্তার অভিযোগ করেন, গতকাল সকালে পারিবারিক বিষয়াদির জের ধরে ঈদে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে কী এনেছে—এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় শাশুড়ি হারিছা বেগম ও দেবর একরামুল হক ক্ষিপ্ত হয়ে ফারজানাকে মারধর করেন।

একপর্যায়ে ফারজানা আক্তার ঘরে ঢুকে তাঁর নিজ কক্ষে শুয়ে পড়েন। এ অবস্থায় শাশুড়ি ও দেবর ঘরে থাকা কেরোসিন নিয়ে ওই কক্ষে গিয়ে গৃহবধূর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি তাঁর মেয়ে ফারজানাকে দেখতে হাসপাতালে ছুটে যান।

 নাসিমা আক্তার জানান, তাঁদের বাড়ি ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতের গ্রামে। প্রায় সাড়ে তিন বছর আগে একই উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের কবির আহম্মদের ছেলে সগির আহম্মদের সঙ্গে তাঁদের একমাত্র মেয়ে ফারজানা আক্তারের বিয়ে হয়। তাঁদের একটি দুই বছরের মেয়ে রয়েছে।

ফারজানার স্বামী সগির আহম্মদ বর্তমানে বাহরাইনপ্রবাসী। স্বামীর অনুপস্থিতিতে শাশুড়ি ও দেবর তাঁকে নিয়মিত নির্যাতন করতেন এবং বাপের বাড়ি থেকে জিনিসপত্র আনার জন্য চাপ দিতেন। বছরের বেশির ভাগ সময় মেয়ে তাঁর বাপের বাড়িতেই থাকতেন। পাঁচ দিন আগে সেমাই, চিনিসহ ঈদসামগ্রী নিয়ে তাঁকে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি দিয়ে আসা হয়।

 ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসিম কুমার সাহা জানান, ওই গৃহবধূর শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। তাঁকে বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গৃহবধূর শরীরে আগুন দেওয়ার ঘটনায় তাঁর শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।