গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামের নাছরিন আক্তার (২৪) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর স্বামী কবির হোসেনকে গতকাল বৃহস্পতিবার আটক করে পুলিশ। গত ৩১ মে অগ্নিদগ্ধ নাছরিন গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোতোয়ালি মডেল থানার এসআই সামসুজ্জামান জানান, পাঁচ বছর আগে কুমিল্লার আদর্শ সদর উপজেলার রঘুপুর গ্রামের নাছরিনের সঙ্গে একই উপজেলার মাঝিগাছা গ্রামের কবিরের বিয়ে হয়। ৩১ মে রাতে নাছরিন আগুনে দগ্ধ হন। তাঁকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে অবস্থার আর উন্নতির আশা না থাকায় তাঁকে আবার কুমিল্লা মেডিকেলে আনা হয়। এখানে গতকাল ভোর ছয়টায় তিনি মারা যান। নাছরিনের মৃত্যুর পর তাঁর স্বামীকে হাসপাতালের ফটক থেকে আটক করা হয়।

নাছরিনের বাবা আবদুল মতিন জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ৩১ মে রাতে তাঁরা অগ্নিদগ্ধ নাছরিনকে উদ্ধার করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাছরিন তাঁদের জানান, ওই সন্ধ্যায় স্বামী ঠান্ডা পানীয়র সঙ্গে কিছু একটা মিশিয়ে জোর করে তাঁকে খাওয়ান। তিনি কিছুটা নিস্তেজ হয়ে পড়লে তাঁকে বিছানায় শুইয়ে দিয়ে আগুন ধরিয়ে দেন কবির। এতে তাঁর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়।