গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার পুলিশ আগুনে পুড়িয়ে মারার অভিযোগে হওয়া মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারছে না। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।জানা গেছে, ঢাকার আশুলিয়া থানার আউকপাড়া গ্রামের গৃহবধূ রুমা আক্তার (২৪) ১৩ জানুয়ারি রাতে অগ্নিদগ্ধ হন। ১৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর গত বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।রুমার ভাই সুজন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিয়ের পর থেকেই রুমার শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাঁর বোনের ওপর নানাভাবে নির্যাতন করত। যৌতুক না দেওয়ায় শেষ পর্যন্ত তাঁর শরীরে আগুনে ধরিয়ে দেওয়া হয়। এ অভিযোগে তিনি ১৫ জানুয়ারি আশুলিয়া থানায় মামলা করেন। এর পরও আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, বছর চারেক আগে আশুলিয়া থানার আউকপাড়া গ্রামের আবদুল মালেকের সঙ্গে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মত্স্যগাঁও গ্রামের রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মালেক তাঁর স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকেন। যৌতুক না পেয়ে তাঁর ওপর নানাভাবে নির্যাতন চালাতে থাকেন স্বামী।মামলার এজাহার থেকে জানা যায়, ১৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে যৌতুক নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মালেক ও তাঁর ভাইয়েরা রুমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। রুমার চিত্কার শুনে আশপাশের লোকজন ওই বাড়িতে গিয়ে তাঁকে উদ্ধার করে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করায়। অবস্থার অবনতি ঘটলে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে রুমা মারা যান।মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক মো. আবদুস সাত্তার প্রথম আলোকে জানান, নিহত রুমার ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এতে রুমার স্বামী ও তিন দেবর মানিক, মুকতার হোসেন ও সেলিমকে আসামি করা হয়েছে।