গৃহবধূকে পুড়িয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে এক গৃহবধূকে। গতকাল শনিবার যোগীপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর পোড়া লাশ উদ্ধার করা হয়।নিহত গৃহবধূ সোনিয়া আখতার লাকী (২৪) উপজেলার বারইহাটি গ্রামের আবদুস সাত্তারের মেয়ে। ঘটনার পর থেকে সোনিয়ার স্বামী মাইদুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।এ ব্যাপারে মাইদুল (৩২), তাঁর বাবা আবদুল জব্বার, মা মানিকজান ও ছোটো ভাই আবদুল মান্নানের বিরুদ্ধে বাগমারা থানায় হত্যা মামলা করেছেন সোনিয়ার বাবা।প্রতিবেশীদের ভাষ্যমতে, চার বছর আগে মাইদুলের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। এর আগে মাইদুলের আরেক স্ত্রী ছিল। কিন্তু মাইদুল ও তাঁর পরিবারের নির্যাতন সইতে না পেরে ওই স্ত্রী মাইদুলকে তালাক দিয়ে চলে যান। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশীরা মাইদুলের বাড়ির উঠানে পেয়ারাগাছের নিচে সোনিয়ার পোড়া লাশ দেখতে পায়। তখন বাড়িতে মাইদুল ও তাঁর পরিবারের কেউ ছিল না। ঘরগুলো ছিল তালা মারা। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ গিয়ে সোনিয়ার লাশ উদ্ধার করে।গতকাল দুপুরে ডাঙ্গাপাড়া গ্রামে মাইদুলের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানের পেয়ারাগাছের ডালপালা পুড়ে গেছে। গাছের নিচে ছিল পোড়া শাড়ির কিছু অংশ। নিহত সোনিয়ার পিঠ ছাড়া শরীরের সব অংশ পুড়ে কয়লার মতো হয়ে যায়। মুখমণ্ডল ছিল বিকৃত।মাইদুলের প্রতিবেশীরা জানায়, শনিবার ভোরে সেহিরর কিছুক্ষণ পর তারা মাইদুলের বাসা থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পায়। সোনিয়ার বাবা আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য চাপ দিতেন মাইদুল ও তাঁর পরিবারের লোকজন। এ জন্য মেয়েকে প্রায়ই নির্যাতন করতেন তাঁরা। যৌতুক না পেয়ে শনিবার ভোররাতে সোনিয়াকে হত্যা করেন মাইদুল, তাঁর বাবা-মা ও ছোটো ভাই। সোনিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, ‘সোনিয়া আত্মহত্যা করলে বাঁচার জন্য ছটফট করতেন এবং দৌড়াদৌড়ি করতেন। কিন্তু এমন কোনো আলামত দেখা যায়নি। পেয়ারাগাছের ডালপালা পুড়ে যাওয়ায় মনে হচ্ছে, ওই গাছের নিচে রেখেই তাঁকে পুড়িয়ে ফেলা হয়েছে। পুলিশ সেখান থেকেই তাঁর লাশ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনাস্থলের পাশ থেকে পেট্রল রাখা একটি খালি বোতল পাওয়া গেছে।’