গৃহবধূকে পুড়িয়ে হত্যা, কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুড়িয়ে হত্যা করা গৃহবধূ মারিয়া আক্তারের (২৮) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জালাল উদ্দিনের উপস্থিতিতে উপজেলার ছোট বিনাইরচর কবরস্থান থেকে লাশ তোলা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, পাঁচ বছর আগে উপজেলার ছোট বিনাইরচর গ্রামের ইসমাইলের মেয়ে মারিয়ার সঙ্গে একই গ্রামের সোলায়মানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে মারিয়াকে মারধর করতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। গত ২০ জুলাই রাতে মারিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। ওসি জানান, ঘটনাটি ভিন্ন খাতে নিতে এলাকার প্রভাবশালী মহল মীমাংসার জন্য মারিয়ার বাবাকে চাপ দেয় এবং পুলিশকে না জানিয়েই লাশ দাফন করে ফেলে।এ ঘটনায় মারিয়ার বাবা ইসমাইল মিয়া আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। সোমবার পুলিশ মামলার আসামি ও মারিয়ার স্বামী সোলায়মান, ভাসুর আজহার, গ্রামের মাতবর সাত্তার, মোখলেছ, সিরাজুল ও আজিজকে গ্রেপ্তার করেছে।