গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গত সোমবার রাতে আফিয়া জামান (২০) নামের এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে শাশুড়ি ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা বলে দাবি করেছেন।
এদিকে আফিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার রাতে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। আফিয়া রংপুরের তাজহাট কৃষি ইনস্টিটিউটের কৃষি ডিপ্লোমা কোর্সের শেষ বর্ষের ছাত্রী। হত্যাচেষ্টার অভিযোগে মঙ্গলবার থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, খুলনার রূপসা থানার পাঁচআনি গ্রামের অহিদুর রহমানের একমাত্র ছেলে রেল কর্মচারী (টিসি) এস এম ওয়াসিবুর রহমানের (২৬) সঙ্গে গত অক্টোবরে পার্বতীপুর শহরের দক্ষিণপাড়া মহল্লার রেল কর্মচারী বদিউজ্জামানের মেয়ে আফিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে ওয়াসিবুর তাঁর মা, বাবা ও এক বোনকে নিয়ে শহরের রোস্তমনগর মহল্লার একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।
আফিয়ার শাশুড়ি নাসিমা খাতুন জানান, সোমবার রাতে তাঁর স্বামী ও ছেলে বাসায় ছিলেন না। রাত দেড়টার দিকে আফিয়ার চিৎকার শুনে তিনি ঘুম থেকে জেগে দেখতে পান আফিয়া গোসলখানায় পড়ে কাতরাচ্ছেন। এ সময় তাঁকে দ্রুত স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আফিয়ার মা মাহফুজা জামান জানান, রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর মেয়ের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।