গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় ফরিদা বেগম নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে ফরিদার বিয়ে হয় একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা শাহিনুরের সঙ্গে। তাঁরা শহরের মধ্যপাড়া পলিকমল স্কুলসংলগ্ন এলাকায় ভাড়া থাকতেন। গত রোববার রাতে ফরিদা পুড়ে মারা গেছেন বলে তাঁর শ্বশুর পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। এ সময় পুলিশ ফরিদার শাশুড়ি নেহার বেগম ও কাজের মেয়ে মাহমুদা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এ ঘটনায় ফরিদার বড় ভাই সোমবার রাতে ফরিদার স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শহিদ আবু সরওয়ার জানান, লাশের মুখে স্কচ টেপ এবং পায়ে তারের বাঁধন ছিল। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ফরিদার ভাই আতাউর রহমান জানান, দীর্ঘদিন ধরে শাহিনুরের সঙ্গে ফরিদার দাম্পত্য কলহ চলছিল। ফরিদার শ্বশুর-শাশুড়ি প্রায়ই তাঁকে মানসিক নির্যাতন করতেন। ফরিদার একমাত্র মেয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী আইমান আনিকা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার বাবা প্রায়ই মাকে নির্যাতন করত। দাদা, দাদি ও আমার বাবাই মাকে হত্যা করেছে।’