গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সুমী রানী শীল (২৪) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দক্ষিণ হাশিমপুর শীলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় বছর আগে ওই গ্রামের কার্তিক শীলের ছেলে দিন্টু শীলের সঙ্গে পটিয়া উপজেলার প্রদীপ শীলের মেয়ে সুমীর বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর দিন্টু বিদেশে চলে যান। এরপর শ্বশুরবাড়ির লোকজন সুমীর ওপর নির্যাতন শুরু করেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে সুমীর শাশুড়ি বাসনা শীল ও দেবর মিঠু শীল তাঁর ওপর নির্যাতন চালান। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাঁরা সুমীর শরীরে আগুন লাগিয়ে তাঁকে হত্যা করেন। পরে তাঁরা এটিকে আত্মহত্যা বলে এলাকায় প্রচার করতে থাকেন। বিষয়টি সুমীর বাপের বাড়িতে না জানিয়ে শ্বশুরবাড়ির লোকজন লাশ দাহ করার প্রস্তুতিও নেন। খবর পেয়ে সুমীর বাপের বাড়ির লোকজন চলে এলে তাঁদের সব আয়োজন ব্যর্থ হয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সুমীর শাশুড়ি ও দেবর পালিয়ে যান। এ ঘটনায় সুমীর বাবা প্রদীপ শীল বাদী হয়ে শ্বশুর কার্তিক শীলসহ শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।