রাজধানীর বংশাল থানা এলাকার বাসিন্দা লিপি আক্তার নামের (২৭) এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লিপির স্বামী জামাল উদ্দিন তাঁর বাবা-মা, বোনসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ মা ও এক বোনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ২ মে রাতে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালের বার্ন ইউনিটে লিপিকে ভর্তি করা হয়। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি কুয়েতপ্রবাসী ছিলেন। ২০০২ সালের দিকে দেশে ফিরে বংশাল থানার সিদ্দিক বাজারে নিজের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকা শুরু করেন। বাড়ির পাশেই ফ্রিজ ঠিক করার একটি দোকান দেন তিনি। জালাল বলেন, কুয়েতে থাকার সময় তিনি মা-বাবার কাছে প্রায় ৬০ লাখ টাকা ও বেশ কয়েক ভরি স্বর্ণালংকার পাঠিয়েছিলেন। বিনিময়ে তাঁর মা-বাবা তাঁর নামে সিদ্দিক বাজারের বাড়িটি লিখে দেন। কিন্তু কুয়েত থেকে ফিরে আসার পর বাবা ফকির চান, মা মমতাজ বেগম, দুই বোন, ভাগনেসহ কয়েকজন বাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন। এ নিয়ে আদালতে মামলা-মোকদ্দমা চলছে। মামলা পরিচালনায় তাঁকে আর্থিকভাবে সহযোগিতা করে আসছিলেন তাঁর স্ত্রী লিপি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর মা-বাবা, বোন ও ভাগনেরা ২ মে রাতে বাড়িতে ঢুকে কেরোসিন ঢেলে লিপির গায়ে আগুন ধরিয়ে দেন।জালাল বলেন, ২ মে রাতে তিনি দোকানেই ছিলেন। চিৎকার শুনে বাড়িতে ছুটে গিয়ে দেখেন, তাঁর মা-বাবা, বোনসহ কয়েকজন দৌড়ে পালিয়ে যাচ্ছেন। আর লিপির শরীর আগুনে জ্বলছে। কোনোমতে আগুন নিভিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি। পরে রাতে মা-বাবা, বোনসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এ ঘটনায় তাঁর মা মমতাজ ও এক বোন পারভীন বেগমকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মর্তুজা প্রথম আলোকে বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নারী ও শিশু নির্যাতন আইনের ৪ ধারার ১ উপধারায় মামলাটি হয়েছে। এ উপধারা অনুযায়ী, কেউ কাউকে জ্বালিয়ে হত্যা করলে বা হত্যার চেষ্টা করলে তাঁর সাজা যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হতে পারে। ঘটনার তদন্ত চলছে। জালাল বলেন, তাঁদের একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ে। মেয়েকে নিয়ে এখন বেশ দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় আছেন তিনি।