গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
চম্পা রানী দেব (২৮) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাবার বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার মণ্ডলকাপন গ্রামে। চম্পার পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, মণ্ডলকাপন গ্রামের সোহাগ চন্দ্র দেবের মেয়ে চম্পা রানী দেবের সঙ্গে সাত বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পূর্ববাজারের স্বপন কর্মকারের বিয়ে হয়। আশুগঞ্জ পূর্ববাজারে রিতা জুয়েলার্স নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। চম্পার বাবার বাড়ির লোকজন জানান, সম্প্রতি চম্পার সঙ্গে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মতবিরোধ দেখা দেয়। শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নির্যাতন চালান। দেড় মাস আগে চম্পা রাগ করে বাবার বাড়িতে চলে আসেন। তাঁর স্বামী স্বপন কর্মকার গত বৃহস্পতিবার শ্বশুরবাড়ি এসে তাঁর বাবা হরিদাস কর্মকারের অসুস্থতার কথা বলে চম্পাকে বাড়ি নিয়ে যান। এলাকার লোকজন জানান, গত রোববার রাতে স্বপন কর্মকার অগ্নিদগ্ধ অবস্থায় চম্পাকে অ্যাম্বুলেন্সে করে এনে শ্বশুরবাড়ি থেকে ৫০০ গজ দূরে বাহুবল উপজেলার পুটিজুরি এলাকার রাস্তায় রেখে পালিয়ে যান।পরিবার জানায়, এর কিছুক্ষণ পর স্বপন তাঁর শাশুড়ি বিনা রানীকে মুঠোফোনে জানান, চম্পা আগুনে পুড়ে আহত হয়েছে। তাঁকে বাড়ির পাশে রেখে গেছেন। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে চম্পার মা-বাবা ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁরা চম্পাকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে চম্পা মারা যান।চম্পার বাবা সোহাগ চন্দ্র দেব বলেন, চম্পা মারা যাওয়ার আগে বলে গেছেন, স্বপন রোববার রাত সাড়ে আটটার দিকে তাঁদের বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে তাঁকে আটকে রেখে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।চম্পার ভাই সুমন দেব বলেন, ‘স্বপন আমার বোনের বিরুদ্ধে আগে থেকেই নানা ষড়যন্ত্র করে আসছিল। তিন মাস আগে চম্পার বিরুদ্ধে স্বর্ণ চুরির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছে।’ বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমরা শুনেছি, আশুগঞ্জে ওই গৃহবধূকে আগুনে পুড়িয়ে রাস্তায় রেখে তাঁর স্বামী পালিয়ে যায়।’