গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তাঁর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত গৃহবধূর শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পশ্চিম চর নারায়ণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, তিন বছর আগে পাচুরিয়া ইউনিয়নের পাচুরিয়া গ্রামের হাসিনা বেগমের (৩০) সঙ্গে একই ইউনিয়নের চর নারায়ণদিয়া গ্রামের পান্নু মোল্লার (৩২) বিয়ে হয়। মঙ্গলবার সন্ধ্যার দিকে স্বামীর বাড়িতে অগ্নিদগ্ধ হন হাসিনা। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সকাল নয়টার দিকে তিনি মারা যান। হাসিনার আড়াই বছর বয়সী ছেলে মো. হাসিবুল ও নয় মাস বয়সী রোকসানা নামের একটি মেয়ে আছে। হাসিনার বাবা শহিদ মোল্লা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই হাসিনাকে যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন চাপ দিয়ে আসছিলেন। ঈদের আগে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু হাসিনা রাজি না হওয়ায় স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা তাঁর গায়ে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তবে হাসিনার শাশুড়ি লাইলী বেগম জানান, মঙ্গলবার দুপুরে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি হয় হাসিনার। রাতে তিনি (হাসিনা) নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। পাচুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জু আহমেদ জানান, স্বামীর সঙ্গে গন্ডগোলের একপর্যায়ে এ অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মামলার এজহারভুক্ত দুই আসামি লাইলী বেগম ও ভাশুর স্থানীয় গ্রাম পুলিশ ওয়াহিদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামীসহ অপর আসামিরা পলাতক।এদিকে ময়নাতদন্ত শেষে হাসিনা বেগমের মরদেহ বুধবার রাতে তাঁর বাবার হাতে তুলে দেয় পুলিশ।