গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামের অগ্নিদগ্ধ গৃহবধূ শিরিনা আক্তার (৩২) গত বৃহস্পতিবার মারা গেছেন। গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শিরিনার বাবা প্রতাপপুর গ্রামের মো. জুলহক আলী গতকাল শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে জীবননগর থানায় একটি মামলা করেছেন। মামলায় শিরিনার স্বামী মো. সিদ্দিকুর রহমান ও সতিন খঞ্জেনী খাতুনকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, দুই বছর আগে সিদ্দিকুর রহমানের সঙ্গে শিরিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই মারধর করতেন সিদ্দিকুর। গত বুধবার রাত সাড়ে সাতটার দিকে সিদ্দিকুর ও তাঁর প্রথম স্ত্রী খঞ্জেনী খাতুন তাঁকে মারধর করেন। একপর্যায়ে শিরিনার গায়ে কোরোসিন ঢেলে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেন তাঁরা। শিরিনার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে শিরিনা মারা যান। গ্রামবাসী বুধবার রাতেই সিদ্দিকুর রহমানকে আটক করে বৃহস্পতিবার সকালে পুলিশের হাতে তুলে দেয়। গতকাল মামলার পর তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারগারা পাঠিয়েছে পুলিশ। তবে গতকাল থানায় সিদ্দকুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে শিরিনা নিজেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।