গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ডাকরা গ্রামে প্রতিমা রানী দেবনাথ (২৪) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্ত্রীকে হত্যার অভিযোগে লোকজন গত বুধবার রাতে স্বামী নারায়ণচন্দ্র দেবনাথকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।এ ঘটনায় প্রতিমার বড় ভাই লিটন দেবনাথ গতকাল বৃহস্পতিবার নারায়ণ ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করেছেন।মামলার এজাহার ও ডাকরা গ্রামবাসী সূত্রে জানা গেছে, চার বছর আগে ডাকরা গ্রামের নারায়ণের সঙ্গে কুমিল্লা সেনানিবাস এলাকার রামপাল গ্রামের মানিক দেবনাথের মেয়ে প্রতিমার বিয়ে হয়। এই দম্পতির তিন বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের সময় নারায়ণকে যৌতুক হিসেবে দুই লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস দেওয়া হয়। বিয়ের পর নারায়ণ আরও তিন লাখ টাকা দাবি করেন। এই অর্থ বাবার বাড়ি থেকে এনে দিতে বলে নারায়ণ প্রতিমাকে মারধর শুরু করেন। গত মঙ্গলবার দুপুরে প্রতিমাকে বেদম মারধর করেন নারায়ণ। ওই দিন রাত ১১টার দিকে নারায়ণ আরও দুজনকে সঙ্গে নিয়ে প্রতিমার হাত বেঁধে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।প্রতিমার চিত্কারে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাঁর শরীরে আগুন জ্বলতে দেখে। তারা প্রতিমাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর চিকিত্সক প্রতিমাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে বুধবার রাতে প্রতিমার লাশ অ্যাম্বুলেন্সে করে কুমিল্লায় আনা হচ্ছিল। কুমিল্লার বুড়িচং এলাকায় পৌঁছালে প্রতিমার স্বজনসহ স্থানীয় লোকজন নারায়ণকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।