গৃহবধূকে পেটাল বখাটে
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মাদারীপুরের শিবচর উপজেলায় এক দরিদ্র কাঠমিস্ত্রির স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে এক বখাটে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, শিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ওই কাঠমিস্ত্রি দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কাজ করেন। অধিকাংশ সময়ই তিনি বাড়িতে থাকেন না। বেশ কিছুদিন ধরে তাঁর স্ত্রীকে (৩০) প্রতিবেশী অরুণ শিকদার (৩৫) কুপ্রস্তাব দিচ্ছিলেন এবং বিভিন্ন সময় বাড়িতে এসে বিরক্ত করতেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত শুক্রবার দুপুরে অরুণ শিকদার ও তাঁর ভাবি বিচিত্রা মিলে ওই গৃহবধূকে পিটিয়ে জখম করেন। এ ব্যাপারে গৃহবধূর শাশুড়ি বাদী হয়ে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।হাসপাতালে গিয়ে দেখা গেছে, ব্যথায় কাতরাচ্ছেন ওই গৃহবধূ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘অরুণ শিকদার অনেক দিন ধরে আমাকে খারাপ খারাপ কথা বলে। স্বামী বাড়িতে না থাকলে অরুণের জ্বালাতন বেড়ে যায়। অনেকবার তাঁকে বুঝিয়ে বলেছি, তার পরও শোনেনি।’ গৃহবধূর শাশুড়ি বলেন, ‘আমার কাছ থেকে ডেকে নিয়ে অরুণ ও তাঁর ভাবি মিলে সবার সামনে আমার পুত্রবধূকে চুল ধরে লাঠি দিয়ে পেটাল।’ এ ব্যাপারে অরুণ শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।প্রতিবেশী প্রেমচান মাঝি বলেন, ওই গৃহবধূকে অরুণ শিকদার ও তাঁর ভাবি সবার সামনে নির্মমভাবে পিটিয়েছে। শিবচর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক শওকত আলী বলেন, গৃহবধূকে মারধরের ঘটনায় তাঁর শাশুড়ি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।