গৃহবধূকে পেটালেন উপজেলা চেয়ারম্যান
বরগুনার পাথরঘাটায় গত শুক্রবার সন্ধ্যায় এক গৃহবধূকে বেধড়ক বেত্রাঘাত করে গুরুতর আহত করেছেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত হাচানুর রহমান ওরফে রিমন। হোসনে আরা বেগম (৩৫) নামের ওই গৃহবধূকে শুক্রবার রাতেই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান শওকত হাচানুর রহমান ওই গৃহবধূকে মারধরের কথা স্বীকার করে গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘সালিস বৈঠকে দুজন সাক্ষীকে অশালীন ভাষায় গালাগাল করায় হোসনে আরাকে মারধর করেছি।’ স্থানীয় সূত্র জানায়, শিশুদের মধ্যে মারামারির ঘটনা কেন্দ্র করে গত ১৬ ডিসেম্বর রায়হানপুর ইউনিয়নের হেমন্তপুর গ্রামের শেখ আক্কাস মিয়ার স্ত্রী হোসনে আরার সঙ্গে প্রতিবেশী আসলাম হোসেনের স্ত্রী ভুলু বেগমের কথাকাটাকাটি ও পরে ধস্তাধস্তি হয়। এ ঘটনার মীমাংসার জন্য শুক্রবার বিকেলে বেতমোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে সালিসের আয়োজন করা হয়। আহত হোসনে আরা অভিযোগ করে বলেন, ‘সালিস বৈঠকে আমার পক্ষের লোকজনের সাক্ষী না নিয়ে চেয়ারম্যান বিরোধী পক্ষের লোকজনের সাক্ষী নিতে থাকলে আমি আপত্তি জানিয়ে বলি, আপনি নিরপেক্ষভাবে বিচার করতে না পারলে আমরা এমপির (স্থানীয় সাংসদ) কাছে যাব। এ কথা শোনার পরই উপজেলা চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে চুল ধরে আমাকে বেতের মোটা লাঠি দিয়ে বেধড়ক পেটান।’ গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হোসনে আরা বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর মাথা সামান্য ফেটে গেছে। পিঠে, ঘাড়ে, ও শরীরের বিভিন্ন স্থানে বেতের আঘাতের স্থানগুলো ফুলে আছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, মারধরের ঘটনায় শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন।