গৃহবধূকে মারধরের অভিযোগে আটক ২
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নাজমা বেগম (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগে তাঁর স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ। উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।নাজমার বড় ভাই হাসান হাওলাদার অভিযোগ করেন, গতকাল সকালে তুচ্ছ ঘটনার জের ধরে নাজমার সঙ্গে তাঁর জা রুমার ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে স্বামী মিরাজ (৩৩) ও দেবর মনির (৩০) নাজমাকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাঁরা মৃত ভেবে নাজমার মুখে স্যাভলন ঢেলে দেন। দুপুরে খবর পেয়ে হাসান ওই বাড়িতে যান। এ সময় তিনি নাজমাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে মনির তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে থানায় খবর পাঠালে পুলিশ মিরাজদের বাড়িতে গিয়ে নাজমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং মিরাজ ও মনিরকে আটক করে থানায় নিয়ে আসে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মিরাজ তাঁর স্ত্রী নাজমাকে পিটিয়ে আহত করার এবং তাঁর মুখে স্যাভলন ঢেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।