গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরবে রেহেনা বেগম (৩২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে ভৈরব থানার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।রেহেনার বাবার বাড়ির লোকজনের অভিযোগ, রেহেনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তাঁর স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা গা ঢাকা দিয়েছেন।রেহেনা বেগমের বড় ছেলে শাওন খন্দকার (১০) জানায়, তারা তিন ভাইবোন মাকে নিয়ে এক ঘরে ঘুমিয়েছিল। বাবা ঘুমিয়ে ছিলেন পাশের কক্ষে। রাত একটার দিকে ঘুম থেকে জাগিয়ে তার বাবা বলেন, ‘তোমার মা মারা গেছে।’ তখন তার মা ঘরের মেঝেতে শোয়া অবস্থায় ছিলেন।শাওন জানায়, ‘এ কথা বলে আব্বা আমার হাতে একটি মোবাইল ফোন আর আলমারির চাবি ধরিয়ে দিয়ে বলে, “আলমারির মধ্যে আড়াই হাজার টাকা আছে। প্রয়োজনে খরচ কোরো।” এরপর আব্বা ঘর থেকে বের হয়ে যায়, আর ঘরে আসেনি। পরে আমি চিৎকার শুরু করলে অন্যরা আসে।’রেহেনা বেগমের ছোট ভাই সেলিম মিয়া বলেন, ‘আমার বোনের তেমন কোনো অসুখ ছিল না, সুস্থ ও স্বাভাবিক ছিল। অসুখ বলতে স্বামীর সঙ্গে তাঁর নানা বিষয়ে দ্বিমত হতো। এ নিয়ে তাঁর মনে কষ্ট ছিল। রাত একটার দিকে আমরা মোবাইল ফোনে খবরটি জানতে পেরে গিয়ে দেখি, আমার বোনের লাশ মেঝেতে পড়ে আছে। আমাদের ধারণা, শ্বাসরোধে আমার বোনকে তাঁর স্বামী হত্যা করেছে।’গতকাল সরেজমিনে গিয়ে জানা গেছে, রেহেনা-শাহাবউদ্দিনের দাম্পত্যজীবন পুরোপুরি সুখের ছিল না, তবে স্ত্রীকে মেরে ফেলার লোক তিনি নন। অন্য কোনো কারণে রেহেনা আত্মহত্যা করে থাকতে পারেন।ভৈরব থানার উপপরিদর্শক মুখলেছুর রহমান বলেন, গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।