গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় গত শুক্রবার দুপুর ১২টায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিন সন্তানের জননী জাহানারা বেগম ওরফে সুমি (২৬)। স্বামী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে জিডি করার আট ঘণ্টা পর জাহানারা বেগম খুন হন।জাহানারার পরিবারের সদস্যদের দাবি, গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তাঁর ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। ঘটনাটি কুমিল্লার আদর্শ সদর উপজেলার চান্দপুর গ্রামের।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০২ সালে কুমিল্লা মহানগরের ১০৭ গোয়ালপট্টি এলাকার বাসিন্দা আবদুল আউয়ালের মেয়ে জাহানারা বেগম ওরফে সুমির সঙ্গে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চান্দপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে হাবিবুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর কনেপক্ষ সাধ্যমতো হাবিবুর রহমানকে সাহায্য-সহযোগিতা করে আসছে। তার পরও জাহানারার সঙ্গে পরিবারের সদস্যরা খারাপ ব্যবহার করত। গত শুক্রবার সকালে জাহানারাকে মারধর ও গালিগালাজ করা হয়।এতে ক্ষুব্ধ হয়ে দুপুর ১২টায় জাহানারা বেগম কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তিনি তাঁর বাবার বাড়ি নগরের গোয়ালপট্টির বাসায় যান। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় স্বামীর বাড়িতে যান। রাত আনুমানিক আটটায় জাহানারা বেগমের স্বামী হাবিবুর রহমান মামলার বাদীর কাছে ফোন করে জানান, তাঁর বোন অসুস্থ। তাঁকে কুমিল্লা মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে রাত সাড়ে আটটায় আবুল কালাম আজাদ ওই হাসপাতালে যান। সেখানে গিয়ে বোনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। কিন্তু ওই পরিবারের কোনো সদস্যকে খুঁজে পাননি।এ ঘটনায় আবুল কালাম আজাদ বাদী হয়ে আটজনের নামে হত্যা মামলা করেন। আসামিরা সবাই জাহানারার স্বামীর আত্মীয়স্বজন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।