গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় এক গৃহবধূকে গত শুক্রবার রাতে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম রুনা আক্তার (২২)। এ ঘটনায় পুলিশ রুনার শ্বশুর সানু মিয়া (৬০) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।জয়দেবপুর থানার পুলিশের বিবরণ অনুযায়ী, গাজীপুর সদরের দক্ষিণ খান (পশ্চিম পাড়া) গ্রামের সানু মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে চার বছর আগে একই উপজেলার মেঘডুবি গ্রামের রহিম আলী ওরফে ইব্রাহীমের মেয়ে রুনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য কলহ চলে আসছিল। সুমন বোর্ডবাজার এলাকার পোশাক তৈরির একটি কারখানায় কাজ করেন। দুই বছর আগে তিনি প্রথম স্ত্রী রুনার অনুমতি না নিয়েই এক নারী সহকর্মীকে বিয়ে করেন। এ ঘটনার পর রুনা স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান। গত শুক্রবার রাতে রুনার স্বামী ও শ্বশুর-শাশুড়ি গিয়ে তাঁকে ফিরিয়ে আনেন। শুক্রবার রাতেই গলায় ওড়না পেঁচিয়ে রুনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বলেছে, রুনার গলায় ও মুখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে রুনার স্বামী সুমন মিয়া পলাতক।রুনার বাবা ইব্রাহীম অভিযোগ করেন, রুনাকে তাঁর স্বামী সুমন খুন করে পালিয়ে গেছেন। এ ব্যাপারে তিনি বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে, রুনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।