গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলায় রাবেয়া আক্তার (২১) নামের এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী মামুন ফকির পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাঁতিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া মাদারীপুর শহরের শকুনি মৌজার আলমগীর মুনশির মেয়ে। তাঁর সাত মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।
গৃহবধূর স্বজন সূত্র জানায়, দুই বছর আগে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাঁতিকান্দা গ্রামের কুটি ফকিরের ছেলে মামুন ফকিরের সঙ্গে বিয়ে হয় রাবেয়ার। বিয়ের পর দুজনের মধ্যে পারিবারিক বিরোধ লেগেই থাকত। এরই জেরে গত বুধবার রাতে রাবেয়াকে শারীরিক নির্যাতন করেন মামুন। লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। এরপর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাবেয়ার মৃত্যুর পরই হাসপাতাল থেকে পালিয়ে যান তাঁর স্বামী মামুন ফকির।
নিহত গৃহবধূর বাবা আলমগীর মুনশি বলেন, ‘মেয়ের গতকাল বৃহস্পতিবার সকালে আমার বাসায় আসার কথা ছিল। কিন্তু রাবেয়ার নিষ্ঠুর স্বামী মামুন তাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। আমার মেয়ের হত্যাকারীর বিচার চাই।’
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, রাবেয়া আক্তারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল রাজৈর) আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, গৃহবধূ হত্যার ঘটনায় কে বা কারা জড়িত, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অপরাধীকে খুব শিগগির আইনের আওতায় আনা হবে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।