গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামী পলাতক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুণা রাতাইলদিয়া গ্রামে শ্বাসরোধ করে সোনিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে স্বামী ইসমাইল হোসেন পলাতক। পুলিশ ও নিহত সোনিয়ার পরিবার জানায়, গত ১৪ এপ্রিল রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের ইসমাইল হোসেন প্রেম করে সোনিয়া আক্তারকে বিয়ে করে। বিয়ের পর সোনিয়াকে ঘরে তুলে নিতে ইসমাইল হোসেন টালবাহানা শুরু করে। পরে গ্রাম্য সালিসে চাপের মুখে ইসমাইল সোনিয়াকে ঘরে তুলে নেয়। ইসমাইল যৌতুকের জন্য সোনিয়াকে চাপ প্রয়োগ করে আসছিল। বৃহস্পতিবার রাতে যৌতুক নিয়ে ইসমাইল ও সোনিয়ার মধ্যে ঝগড়া হয়। সকালে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে সোনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত সোনিয়ার বাবা দিনমজুর ছানাউল্লাহ অভিযোগ করেন, রাতে ঝগড়ার একপর্যায়ে সোনিয়াকে শ্বাসরোধে হত্যার পর স্বামী ইসমাইল হোসেন পালিয়ে গেছে। যৌতুকের জন্য তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা হয়েছে।