গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামী পলাতক
রাজশাহীর গোদাগাড়ীতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম তাজমহল বেগম (৪০)।গত বুধবার গভীর রাতে এ ঘটনার পর থেকে তাজমহলের স্বামী ইউসুফ আলী (৪৫) পলাতক রয়েছেন। এ ব্যাপারে তাজহমলের ছেলে মামুন বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা করেছে।পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, নয় বছর আগে তাজমহলের প্রথম স্বামী মারা যান। এর পর উপজেলার বড়গাছি গ্রামের ইউসুফ আলীর সঙ্গে তাজমহলের বিয়ে হয়। তাঁর (তাজমহল) প্রথম পক্ষের তিন ছেলে তাদের দাদার বাড়িতে থাকে। ইউসুফ আলীরও এটি দ্বিতীয় বিয়ে। সন্তানদের নিয়ে প্রথম স্ত্রী আলাদা বাড়িতে থাকেন। বুধবার রাতে ইউসুফ আলীর সঙ্গে তাজমহলের ঝগড়া হয়। গভীর রাতে গলায় ওড়না পেঁচিয়ে তাজমহলকে হত্যা করা হয়। ওই রাতে ইউসুফ আলীর প্রথম স্ত্রীর সন্তান রিপন ওই বাড়িতেই ছিল। সকালে জেগে ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে সে প্রতিবেশীদের ডেকে আনে।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন, তাজমহলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইউসুফ আলী গা ঢাকা দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।