কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে মাদারীপুরের কালকিনি ও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: কুমিল্লা: নাঙ্গলকোট উপজেলার মানিকগঙ্গা গ্রামের গৃহবধূ আরজু বেগমকে (২২) গত রোববার রাতে গলা টিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। তাঁর স্বামী মো. গিয়াসউদ্দিনকে (৩০) পুলিশ গত সোমবার গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আরজু বেগমের বাবা মাইদুল হক নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, দুই বছর আগে ফেনীর দাগনভূঞা উপজেলার উলঙ্গা গ্রামের মাইদুল হকের মেয়ে আরজু বেগমের সঙ্গে নাঙ্গলকোটের মানিকগঙ্গা গ্রামের নূরুর রহমানের ছেলে মো. গিয়াসউদ্দিনের বিয়ে হয়। সম্প্রতি গিয়াস আরজুকে যৌতুকের জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে রোববার রাতে গিয়াস গলাটিপে আরজুকে হত্যা করেন। সোমবার তাঁকে গ্রেপ্তারের পর তিনি হত্যার কথা স্বীকারও করেন। কালকিনি (মাদারীপুর): উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সনমন্দী গ্রামের অমল বালার (৪০) স্ত্রী অঞ্জনা বালা (২৪) গত রোববার রাতে রহস্যজনকভাবে মারা যান। অমল বালার দাবি, দাম্পত্য কলহের জের ধরে তাঁর স্ত্রী গত রোববার রাতে কীটনাশক পান করেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তবে অঞ্জনার বাবা অর্জুন মণ্ডলের অভিযোগ, অমল তাঁকে নির্যাতন করে হত্যা করার পর তাঁর মুখে কীটনাশক ঢেলে দিয়েছেন। মানিকছড়ি (খাগড়াছড়ি): সোমবার তুলাবিল গ্রাম থেকে নিলুফা বেগম (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিলুফার চাচা আবদুর রশিদ জানান, গত শনিবার থেকে নিলুফা নিখোঁজ ছিলেন। সোমবার নিজ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর এলাহী জানান, বিষপানে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও অনেকে এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।