গৃহবধূকে শ্লীলতাহানির দৃশ্য ইন্টারনেটে, পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এক গৃহবধূর শ্লীলতাহানির দৃশ্য মুঠোফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার দায়ে পাঁচজনকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুরের যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. হারুন-অর-রশীদ গতকাল সোমবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকার শফিকুল ইসলাম (২৭), আবদুস ছালাম (২৫), মনু মিয়া (২৬), গোলাম মোস্তফা (৩০) এবং ওই গৃহবধূর সাবেক স্বামী নকলা উপজেলার মো. নজরুল ইসলাম (২৭)।
পুলিশ, আদালত ও গৃহবধূর পরিবারের সদস্যরা বলেন, ২০১৪ সালের ১৭ জুলাই উপজেলার মধুটিলা ইকোপার্কে স্বামী নজরুল ইসলামের সঙ্গে ওই গৃহবধূ বেড়াতে যান। ওই সময় বখাটেরা অস্ত্রের মুখে গৃহবধূর শ্লীলতাহানি করে এবং এ দৃশ্য তাঁরা মুঠোফোনে ধারণ করেন। এ ঘটনায় গৃহবধূর সাবেক স্বামীও জড়িত ছিলেন। পরে ওই যুবকেরা গৃহবধূর পরিবারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরিবার টাকা দিতে অস্বীকার করায় ওই যুবকেরা ইন্টারনেটে সেই ভিডিও ছড়িয়ে দেন।
এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় ২০১৪ সালের আগস্ট মাসে দুটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সংশ্লিষ্ট আইনে ইকোপার্কের কর্মচারী গোলাম মোস্তফাসহ পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দেন। শ্লীলতাহানির মামলায় গত বছরের ৩ নভেম্বর ওই পাঁচ আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
গতকাল পর্নোগ্রাফি মামলার রায় দেওয়া হয়। শফিকুলকে পর্নোগ্রাফি ধারণ ও সরবরাহ করায় ১২ বছরের কারাদণ্ড এবং দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আবদুস সালাম ও মনু মিয়াকে পর্নোগ্রাফি তৈরিতে সহযোগিতার অভিযোগে সাত বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গোলাম মোস্তফাকে পর্নোগ্রাফি সরবরাহ করার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নজরুল ইসলামকে পর্নোগ্রাফি তৈরিতে সহযোগিতার অভিযোগে তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা আদায় হলে ক্ষতিপূরণ হিসেবে তা ভুক্তভোগী নারীকে দেওয়ার আদেশ দিয়েছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম কিবরিয়া বলেন, রায়ে ওই গৃহবধূর পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।