গৃহবধূকে সালিস বৈঠকে জুতাপেটা
প্রতিবেশী এক যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে সালিস বৈঠক বসিয়ে এক গৃহবধূকে প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। এ ছাড়া অভিযুক্ত যুবককেও জুতাপেটা করে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের। গত শনিবার এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রের বক্তব্যমতে, উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের এক গ্রামের ওই গৃহবধূর স্বামীর বাড়ির উঠানে শনিবার দুপুরে চার শতাধিক লোকের উপস্থিতিতে সালিস বৈঠক বসানো হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইউম খান বৈঠক পরিচালনা করেন। সেখানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাশেম হাওলাদার, কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ছিদ্দিক, রেজাউল হক মোল্লা প্রমুখ। প্রত্যক্ষদর্শীরা বলেন, বৈঠকে কাইউম খান রায় ঘোষণা করেন। রায় অনুযায়ী গৃহবধূর স্বামী তাঁর স্ত্রীকে জুতাপেটা করতে অস্বীকৃতি জানান। পরে তাঁর ভাশুর সবার সামনে ১০ ঘা জুতাপেটা করেন। এতে তিনি (গৃহবধূ) জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অভিযুক্ত যুবককেও ১৫ ঘা জুতাপেটা করা হয়। জানতে চাইলে ভুক্তভোগী গৃহবধূ প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো অন্যায় করি নাই। সালিসে যেহেতু বিচার হয়েছে, তাই কোনো অন্যায় না করলেও আমি অপরাধী।’তবে সালিস পরিচালনাকারী কাইউম খান বলেন, ‘গৃহবধূর সঙ্গে যুবকের অবৈধ সম্পর্ক ছিল। গৃহবধূর স্বজনেরা এর প্রতিকার চাইলে সালিস ডাকা হয়।’এ ব্যাপারে কথা বলতে কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ছিদ্দিক ও ইউপি সদস্য হাশেম হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল চৌধুরী বলেন, ‘সালিসের ঘটনা আমি শুনেছি। তবে ওই দিন এলাকার বাইরে থাকায় এ ব্যাপারে কিছু বলতে পারছি না।’ গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। এমনকি কেউ অভিযোগও করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’গৃহবধূর স্বামী বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে। আমি এখন আমার স্ত্রী, সন্তানদের নিয়ে শান্তিতে থাকতে চাই।’এদিকে সালিস বৈঠকে নির্যাতনের ব্যাপারে জানতে চাইলে গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. নূরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সালিস ব্যবস্থা বৈধ। তবে সালিসের সিদ্ধান্ত কোনো পক্ষ না মানলে তাদের ওপর কোনোভাবে চাপ সৃষ্টি করা যাবে না। তা ছাড়া কাউকে শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। এ ধরনের ঘটনা বেআইনি।’