গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক
গাজীপুরে রহিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে তাঁর স্বামী পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে স্বামী নূরুল ইসলাম পলাতক।এ ব্যাপারে নিহত রহিমার বাবা রমজান আলী গতকাল শনিবার জয়দেবপুর থানায় মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ভারারুল এলাকার নূরুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে নিজ ঘরে স্ত্রী রহিমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর তিনি ঘর থেকে বের হয়ে বাইরে দিয়ে ছিটকিনি লাগিয়ে পালিয়ে যান। রহিমার চিৎ কারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎ সাধীন অবস্থায় শুক্রবার দুপুরে রহিমা মারা যান।নিহত রহিমার বাবা জানান, নূরুল ইসলাম- রহিমা দম্পতির চারটি পুত্রসন্তান রয়েছে। কন্যাসন্তান না হওয়ার অজুহাতে কয়েক মাস আগে নূরুল আরেকটি বিয়ে করেন। দুই মাস আগে ঘটনা ফাঁস হলে নূরুলের সঙ্গে রহিমার কলহ শুরু হয়। বিভিন্ন অজুহাতে তিনি প্রায়ই স্ত্রী রহিমাকে মারধর করতেন।