গৃহবধূকে হত্যা ও ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ভাঁজপাড়া গ্রাম থেকে গতকাল রোববার সকালে পুলিশ খালেদা খাতুন (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পরিবারের দাবি, খালেদাকে তাঁর স্বামী হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন। গৃহবধূর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।এলাকাবাসী জানায়, ভাঁজপাড়া গ্রামের দিলবর শাহর ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে চার বছর আগে খালেদার বিয়ে হয়। বিয়ের পর থেকে খালেদার ওপর অত্যাচার করতে থাকে জাহিদুল। তাঁদের ঘরে জুঁই (৩) নামের একটি কন্যাসন্তান রয়েছে। গত শনিবার সন্ধ্যায় জাহিদুল ও খালেদার মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে রাতে ঝগড়া থেমে যায়। এর পর থেকে খালেদার কোনো কথার শব্দ শোনা যায়নি।পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনার পর থেকে আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না।’