নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ঝুমা দে (২২) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে শহরের জামতলা হাজি ব্রাদার্স সড়কের অভিনন্দন ভিলার ছয়তলার একটি ফ্ল্যাটের রান্নাঘর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। গৃহবধূর বাবার অভিযোগ, স্বামী ও শাশুড়ি মিলে ঝুমাকে হত্যা করে লাশে আগুন ধরিয়ে দিয়েছেন।পুলিশ ঝুমার ব্যবসায়ী স্বামী প্রদীপ দে (৩০), শাশুড়ি কণা রানী (৫০) ও প্রদীপের ভগ্নিপতি দিলীপকে (৩৩) গ্রেপ্তার করেছে।জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ গোদনাইল লক্ষ্মী নারায়ণ কটন মিল এলাকার প্রদীপ দে তিন বছর আগে একই এলাকার ঝুমাকে বিয়ে করেন। তাঁদের দুই বছরের একটি ছেলে রয়েছে।ঝুমার বাবা বরেন্দ্র চন্দ্র দে বলেন, গত মঙ্গলবার ছিল ঝুমার ছেলের দ্বিতীয় জন্মদিন। জন্মদিনের উপহার হিসেবে নাতির জন্য তিনি একটি সোয়েটার পাঠান। কিন্তু ঝুমার স্বামী ও শাশুড়ি সোয়েটারটি নেননি। জন্মদিনের উপহার হিসেবে তাঁরা পাঁচ হাজার টাকা দাবি করেন। তিনি বলেন, তাঁর ধারণা, বিষয়টি নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কোনো একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। পরে হত্যাকাণ্ড আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য লাশটি আগুনে পোড়ানো হয়।এ ঘটনায় ঝুমার বাবা বরেন্দ্র দে ফতুল্লা মডেল থানায় ঝুমার স্বামী প্রদীপ দে, প্রদীপের বাবা অনিল দে, মা কণা রানী দে, পিসি মিনতি ধর, বোন সংগীতা ও ভগ্নিপতি দিলীপকে আসামি করে হত্যা মামলা করেছেন।প্রদীপ দে থানায় সাংবাদিকদের কাছে দাবি করেন, পারিবারিক কলহের জের ধরে তাঁর স্ত্রী ঝুমা শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ঝুমার কাঁধের বাঁ ও ডান দিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, আগুনে পুড়ে মারা গেলে এর আলামত থাকত। কিন্তু ঘরের কোনো আসবাবে আগুন লাগার কোনো চিহ্ন নেই; যা থেকে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি আগুনে পোড়ানো হয়েছে।