গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক গৃহবধূকে গলা টিপে হত্যা করে স্বর্ণালংকার ও মালামাল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মিনারা বেগম (৩৫)। তিনি উপজেলার সুহিলপুর গ্রামের মোর্শেদ মিয়ার স্ত্রী। পুলিশের ভাষ্য অনুযায়ী, মিনারা বেগম পৌর শহরে তাঁর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরতে শিশুছেলে মামুনকে নিয়ে কাউতলী বাসস্ট্যান্ডের একটি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে গলা টিপে হত্যা করে এবং স্বর্ণালংকারসহ অন্য মালামাল লুট করে পালিয়ে যায়। মামুনের কান্না শুনে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দুর্বৃত্তরা অটোরিকশার মধ্যেই ছিল নাকি পথের মধ্য থেকে উঠেছে তা জানা যায়নি।